মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬

ভোলায় শিক্ষক ছাত্রীর অনৈতিক সম্পর্কের ঘটনায় প্রশাসনের তদন্তে সত্যতা মিলেছে

17 August, 2026 3:45:35
ভোলায় শিক্ষক ছাত্রীর অনৈতিক সম্পর্কের ঘটনায় প্রশাসনের তদন্তে সত্যতা মিলেছে

ভোলা প্রতিনিধি:

ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের সঙ্গে একই বিভাগের এক শিক্ষার্থীর অনৈতিক সম্পর্কের অভিযোগের বিষয়ে তদন্ত সম্পন্ন করেছে কলেজ প্রশাসন গঠিত তদন্ত কমিটি। তদন্তে অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করে প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে কলেজ প্রশাসন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ঈসরাফীল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রত দাসের সঙ্গে একই বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর সম্পর্কের অভিযোগসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি কলেজ প্রশাসনের নজরে এলে অভিযোগের সত্যতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের তথ্য, শ্রেণিকক্ষ-সংক্রান্ত বিভিন্ন প্রমাণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও-ভিডিও পর্যালোচনা করেছে বলে জানা গেছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তদন্তে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সময়ে অভিযুক্ত শিক্ষকের ব্যাংক হিসাব থেকে ‘শিহাব’ নামের একটি হিসাবে এক লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে। তবে ওই অর্থ স্থানান্তরের সঙ্গে অভিযোগের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী যাচাই ও সিদ্ধান্তের বিষয়।

এর আগে অভিযোগের বিষয়ে প্রভাষক শুভ্রত দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য না করে বলেন, এ বিষয়ে কলেজ প্রশাসন অবহিত আছে এবং তাদের কাছ থেকে জানতে হবে।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন বলেন, “তদন্ত সম্পন্ন করে গঠিত কমিটির সুপারিশসহ যাবতীয় তথ্য-প্রমাণ ও চূড়ান্ত প্রতিবেদন ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কলেজের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিক। তারা তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন ও সরকারি বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগত অধিকার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ বহাল থাকবে।

 

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport