ভরাডুবি আশঙ্কায় কিছু ক্ষুদ্র দল নির্বাচন এড়িয়ে যাচ্ছে: বিএনপি নেতা দুদু
ভরাডুবি আশঙ্কায় কিছু ক্ষুদ্র দল নির্বাচন এড়িয়ে যাচ্ছে: বিএনপি নেতা দুদু

স্টাপ রিপোর্টারঃ ১৮ আগস্ট সোমবার ২০২৫।
নির্বাচনে অংশ নিলে ভরাডুবি হবে—এই আশঙ্কায় কয়েকটি ক্ষুদ্র রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা জানি, এসব দলের নির্বাচনে আসলে কোনো জনপ্রিয়তা নেই। তাদের ভরাডুবি হবে বলেই নির্বাচন চায় না। অথচ কিছু মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিয়ে তারা এগুলোকে নিজেদের সম্পত্তি বানিয়েছে।”
দুদু আরও বলেন, দেশে এখন একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। এ জন্য দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তিনি অভিযোগ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘ ছয় বছর কারাগারে রাখা হয়েছিল এবং চিকিৎসার সুযোগও থেকে বঞ্চিত করা হয়েছিল।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা তাদের অভিনন্দন জানিয়েছি। সরকারের সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছি। অন্য দলগুলোও করেছে। তবে কয়েকটি ক্ষুদ্র দল আছে, যাদের নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই, কারণ নির্বাচনে তাদের অস্তিত্ব সংকট তৈরি হবে।”
বিএনপির এ নেতা জানান, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। “আগস্ট মাসে আমাদের শপথ—এই আন্দোলন শেষ হবে না। জবাবদিহিমূলক সরকারই কেবল জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, মানুষের কথা শোনে এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করে। ভবিষ্যতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকার আনতে হবে।”
আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: