শনিবার ৬ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে বাপার মানববন্ধন ও পথসভা

5 June, 2026 7:29:19
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে বাপার মানববন্ধন ও পথসভা

ডেক্স রিপোর্টঃ 

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও পথসভার আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে (পরম চত্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য।”
মানববন্ধনে বাপার নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, পরিবেশ দূষণ, নদী-খাল দখল, নির্বিচারে বৃক্ষ নিধন এবং প্লাস্টিক বর্জ্যের কারণে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
বক্তারা আরও বলেন, কিশোরগঞ্জ শহরের প্রাণ হিসেবে পরিচিত একসময়ের খরস্রোতা নরসুন্দা নদী বর্তমানে মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। নদীতে শিল্প ও গৃহস্থালি বর্জ্য ফেলা, ময়লা-আবর্জনার স্তূপ এবং পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে নদীটির স্বাভাবিক অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নরসুন্দা নদীকে রক্ষা করতে দ্রুত উজানে বন্ধ থাকা বাঁধ খুলে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাপার কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল। তিনি বলেন, “পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দেশ ভয়ংকর পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তাই পরিবেশ সুরক্ষায় ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রশাসনকে পরিবেশবিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাপার জেলা সভাপতি হামিদা বেগম, সহ-সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, মো. ফারকউজ্জামান, জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সদস্য আব্দুল মালেক সজিবসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে পরিবেশ সংরক্ষণ, নরসুন্দা নদী রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport