বুধবার ২৬ আগস্ট, ২০২৬

বিরামপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বিএনপির দুই নেতার বিরুদ্ধে নির্দেশ দেওয়ার অভিযোগ

26 August, 2026 12:11:22
বিরামপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপির দুই নেতার বিরুদ্ধে নির্দেশ দেওয়ার অভিযোগ

মাফিকুল ইসলাম, দিনাজপুর:

দিনাজপুরের বিরামপুরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার শ্রীপুর ব্রিজের প্রায় ১০০ মিটার দূর থেকে বালু উত্তোলন করায় একটি ছোট সেতু হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সোমবার (২৪ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেষ সীমান্ত এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, টানা কয়েক দিন ধরে ওই স্থান থেকে বালু উত্তোলন চলছে।

ঘটনাস্থলে থাকা বালুমহালের দায়িত্বশীল এক ব্যক্তি দাবি করেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর নির্দেশে বালু উত্তোলন করা হচ্ছে।

বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কয়েক দিন ধরে বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে বিষয়টি জানার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সতর্ক করা হয়েছে। ওই স্থান থেকে আর বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

অভিযোগের বিষয়ে বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন বলেন, নদীর তিনটি পয়েন্ট ভেঙে যাওয়ায় সেগুলো মেরামতের জন্য ব্লক তৈরির কার্যাদেশ দেওয়া হয়েছে। ব্লক তৈরির জন্যই ওই স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এখানকার কাজের জন্য বালু কি সৌদি বা দুবাই থেকে আনব? সবাই তো এভাবেই করছে। আমরাও করছি।’

এদিকে বালু উত্তোলনের সঙ্গে উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতার নাম জড়ানোয় দলের একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, সেতুর কাছ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকলে সেতুটির ভিত্তি ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে ওই স্থান থেকে বালু উত্তোলনের বৈধতা, ড্রেজার ব্যবহারের অনুমোদন এবং সংশ্লিষ্ট কার্যাদেশের শর্ত সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport