বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় শিশুশ্রমিক নিহত
বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় শিশুশ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ ৯ নভেম্বর রবিবার ২০২৫।
বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক শিশুশ্রমিক নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা–মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সঙ্গে কাটাখালী এলাকায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং সেখানেই ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয়রা জানান, সকালে সামিরুল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: