বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬

বড়াইগ্রামে ৪ দোকান জবরদখল, প্রাণনাশের হুমকিতে অসহায় বিধবা

15 October, 2026 8:08:23
বড়াইগ্রামে ৪ দোকান জবরদখল, প্রাণনাশের হুমকিতে অসহায় বিধবা

​মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের জালশুকা বাজারে ভয়ভীতি দেখিয়ে এক বিধবা নারীর মালিকানাধীন জমি ও চারটি দোকানঘর জবরদখলের অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের অব্যাহত হুমকি ও প্রাণনাশের আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।
​বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বনপাড়া বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী নাজমা খাতুন। তিনি দ্রুত দখলকৃত দোকানঘরগুলো উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমা খাতুন জানান, উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা বাজারে তার প্রয়াত স্বামী মহসিন আলী প্রামাণিকের রেখে যাওয়া ৩৩ শতক জমি রয়েছে। ওই জমির সড়ক সংলগ্ন পশ্চিম পাশে পাঁচটি দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে তিনি তা ভাড়া দিয়ে আসছেন।
​গত শনিবার সকালে জালশুকা গ্রামের মৃত আফসার আলীর ছেলে মাহবুর রহমান মবু ও আফজাল হোসেন সাবুর নেতৃত্বে মোখলেসুর রহমানসহ কয়েকজন ব্যক্তি আকস্মিক ওই পাঁচটি দোকানঘরের মধ্যে চারটিতে তালা ঝুলিয়ে দেন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয় যে, এখন থেকে এই দোকানগুলোর মালিক মবু ও সাবু। এমনকি দোকানভাড়াও তাদের নিকট পরিশোধ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।
​খবর পেয়ে নাজমা খাতুন দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ওই এলাকায় আর না আসার হুমকি দেন। এছাড়া তার ছেলে বা কোনো আত্মীয়স্বজন জমি উদ্ধারে এগিয়ে এলে তাদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহবুর রহমান মবু ও আফজাল হোসেন সাবু একটি হত্যা মামলার প্রধান আসামি হওয়ায় স্থানীয় এলাকায় তাদের একটি ত্রাসের রাজত্ব রয়েছে। এ কারণে স্থানীয়রা তাদের ভয়ে মুখ খুলতে সাহস পান না। বর্তমান পরিস্থিতিতে অসহায় ওই বিধবা নারী ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
​সংবাদ সম্মেলনে নাজমা খাতুনের সঙ্গে তার ছেলে শামীম প্রামাণিকসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পৈতৃক সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard