ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
মোঃ শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের অভিযোগ উঠেছে। রবিবার (৩০আগস্ট) সকালে উপজেলার খড়িবাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কিছু সংখ্যক নেতাকর্মী একটি ব্যানার হাতে নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি সড়কের একটি অংশ প্রদক্ষিণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কয়েকজনকে ব্যানার হাতে মিছিলে অংশ নিতে দেখা যায়। ব্যানারে ‘জয় বাংলা,শেখের বেটি আইতাছে’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। ব্যানারের নিচের অংশে ‘ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ’ লেখা দেখা যায়। এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
ছবি ও ভিডিও দেখে স্থানীয়ভাবে কয়েকজনকে শনাক্ত করার দাবি করা হয়েছে। তাদের মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি তাহাদ হাসান তুষার, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ রাবু, লোকমান হোসেন এর নাম স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া মিছিলে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও জেলা পর্যায়ের আরও কয়েকজন নেতাকর্মী অংশ নিয়েছেন বলে দাবি করা হয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর ভিত্তিতে উল্লিখিত ব্যক্তিদের পরিচয় এবং মিছিলে তাদের অংশগ্রহণের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে প্রকাশ্য মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ ঘটনায় কোনো সংঘর্ষ, অপ্রীতিকর ঘটনা বা আটকের খবর পাওয়া যায়নি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



