সোমবার ৫ অক্টোবর, ২০২৬

ন্যূনতম নাগরিক অধিকার সুরক্ষিত করুন: নুর আহমদ বকুল

4 October, 2026 9:08:08
ন্যূনতম নাগরিক অধিকার সুরক্ষিত করুন: নুর আহমদ বকুল

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | ঢাকাঃ

“গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যহত রাখার অঙ্গীকারে চলমান সরকার অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জনআকাঙ্খার সাথে মিলতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, সন্ত্রাস, মব নৈরাজ্য, হত্যা, ধর্ষণ, নানান জায়গাতে সরকারি দলের ছত্রছায়ায় সম্পত্তি দখল, রাজনৈতিক দলের অফিসে হামলা করে মিটিং ভেস্তে দেওয়া ইত্যাদি কর্মকাণ্ডও সরকারের ভাবমুর্তিকে তীব্রভাবে ক্ষতি করছে, সরকার জনগণের ন্যূনতম নাগরিক অধিকার ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত করতে পারছে না। জনগণ নিয়মিত ট্যাক্স পরিশোধ করলেও ট্যাক্স পেয়ারের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। গ্যাস-বিদ্যুৎ সংকট, জ্বালানী তেলের বার বার মূল্যবৃদ্ধি স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যহত করছে, ইতোমধ্যে কৃষি উৎপাদন থেকে শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট উৎপাদন প্রবাহকে ভেঙ্গে ফেলেছে। বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি, বেকারত্ব, শ্রমিক ছাটাই ক্রমবর্ধমান— এই সকল মৌলিক সংকট মোকাবেলা করার সক্ষমতা প্রদর্শনে সরকার সফলতা দেখাতে পারছে না বরং সরকারের উপর জন আস্থা নিম্নগামী হচ্ছে। সুশাসনের বিপরীতে স্বৈরাচারী মনোবৃত্তি বাড়ছে; গণতন্ত্রহীনতা তৈরী হচ্ছে। সরকারের উচিত হবে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া, জটিল এবং কঠিন সময়ে নানান অপশক্তি সুযোগ খুজছে বিশেষ করে দক্ষিণপন্থী মৌলবাদী শক্তি ও সাম্রাজ্যবাদী শক্তির সহায়তায় দেশকে পরিপূর্ণভাবে অচল করে দিতে চাইছে। সেখানেও সরকারের উচিত হবে ঐ অপশক্তিকে ঠেকানো। এগুলো করতে গেলে জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করতে হবে। স্বৈরাচারি দমন পীড়নের সহজ রাস্তায় গিয়ে ‘অপারেশন দমন’ বা সাইবার আইনের নামে নিপীড়নমূলক আইনের উপর নির্ভর করলে শেষ বিচারে সরকারেরই ক্ষতি হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে অবিলম্বে কমরেড রাশেদ খান মেননের মুক্তিসহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। কমরেড ফজলে হোসেন বাদশাসহ নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারে দাবী করেন।

বাংলদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার জননেতা নুর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল এর সভাপতিত্বে ৩১/এফ তোপখানা রোডে শহীদ রাসেল মঞ্চে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ এর নেতা কমরেড তাপস দাস।

সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড শরীফ শমসির, ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক কমরেড কিশোর রায়।

সভায় আগামী ১৫-১৭ জানুয়ারি ২০২৭ পার্টি কংগ্রেস সফল করে তুলতে প্রতিটি সাংগঠনিক স্তরে পার্টি সদস্যপদ নবায়নের জন্য যে কাজ চলছে তা অব্যহত রাখার জন্য কর্মীদের প্রতি আহবান জানানো হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard