বৃহস্পতিবার ৭ মে, ২০২৬

নেত্রকোনায় নিখোঁজ শিশুর মুখ বাঁধা শেয়াল খাওয়া গলিত লাশ উদ্ধার, রহস্য ঘনীভূত

7 May, 2026 2:54:50
নেত্রকোনায় নিখোঁজ শিশুর মুখ বাঁধা শেয়াল খাওয়া গলিত লাশ উদ্ধার, রহস্য ঘনীভূত

দেবদূত কর তীর্থ, নিজস্ব প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হুগলি জশিউড়া গ্রামে ৬ বছর বয়সী শিশু জান্নাত আক্তারের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় গভীর শোক, আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আরশাদের মেয়ে জান্নাত আক্তার গত সোমবার (০৪ মে ২০২৬) বিকাল প্রায় ৪টার দিকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।

গতকাল ৬ মে, ২০২৬ বুধবার সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে শ্রমিকরা ধান কাটার জন্য ক্ষেতে গেলে শিশুটির মরদেহ দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহটি আংশিক গলিত অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশ শেয়াল দ্বারা ক্ষতবিক্ষত ছিল। এছাড়া শিশুটির মুখ কাপড় (গামছা) দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে অনেকে ধারণা করছেন, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়; ঘটনার পেছনে অন্য কোনো অপরাধমূলক কারণ থাকতে পারে, যা তদন্তসাপেক্ষ।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিশু নিরাপত্তা জোরদারে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport