নূরপুর সড়কে ভয়াবহ ভাঙন: জনদুর্ভোগে নাকাল এলাকাবাসী, দ্রুত বিকল্প সড়ক নির্মাণের দাবী
নূরপুর সড়কে ভয়াবহ ভাঙন: জনদুর্ভোগে নাকাল এলাকাবাসী, দ্রুত বিকল্প সড়ক নির্মাণের দাবী
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরপুর সড়কে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। সুরমা নদীর তীব্র ভাঙনে জনগুরুত্বপূর্ণ এই সড়কের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে জামালগঞ্জ উপজেলা সদর সহ জেলা শহরের বিভিন্ন এলাকায় যাতায়াত করলেও বর্তমানে সড়কটির বেহাল অবস্থার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া। তিনি ক্ষতিগ্রস্ত সড়ক এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, নূরপুর সড়কটি শুধু একটি গ্রামের নয়, এটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ পথ। সুরমা নদীর ভয়াবহ ভাঙনে সড়কটির বড় অংশ বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও জানান, মূল সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা যায় এবং দুর্ভোগ কমানো সম্ভব হয়। ইউনিয়নবাসীর কষ্ট লাঘবে খুব দ্রুত এই কাজ শুরু হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
দীর্ঘদিন ধরে নূরপুর, সুজাতপুরসহ রক্তি নদীর পূর্বপাড়ের বিভিন্ন গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে আসছেন। বর্তমানে রাস্তার ভাঙনের কারণে তাদের প্রতিদিন চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহন, জরুরি চিকিৎসা সেবা গ্রহণ—সব ক্ষেত্রেই দেখা দিয়েছে বড় ধরনের সংকট।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে তারা একটি স্থায়ী সমাধানের অপেক্ষায় ছিলেন। চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন এবং দ্রুত বিকল্প রাস্তা নির্মাণের আশ্বাসে তারা আশাবাদী হয়ে উঠেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, ঘোষিত উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব অজিত রায়, স্থানীয় ইউপি সদস্য ইসলাম নুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।
এলাকাবাসীর দাবি, শুধু অস্থায়ী বিকল্প সড়ক নয়, ভবিষ্যতে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা জরুরি। তাহলেই নূরপুরসহ আশপাশের গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান সম্ভব হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

