রবিবার ১০ মে, ২০২৬

নাচোলে তৃণমূলের আস্থার নাম চেয়ারম্যান সফিকুল ইসলাম

10 May, 2026 10:26:22
নাচোলে তৃণমূলের আস্থার নাম চেয়ারম্যান সফিকুল ইসলাম

আব্দুল আজিজ, নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে তার নাম। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষের অনেকেই মনে করছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফিকুল ইসলামই হতে পারেন যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতিচ্ছবি। ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দলমত নির্বিশেষে অনেকেই সফিকুল ইসলামকে একজন সৎ, পরিচ্ছন্ন ও মানবিক নেতা হিসেবে মূল্যায়ন করেন। নাচোল উপজেলার গ্রামাঞ্চলের চায়ের দোকান, হাট-বাজার, অলিগলি থেকে শুরু করে রাজনৈতিক আড্ডা সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সফিকুল ইসলাম। সাধারণ মানুষের ভাষায়, “যে নেতা সুখে-দুঃখে মানুষের পাশে থাকে, জনগণ তাকেই ভালোবাসে।” রাজনীতির মাঠে সফিকুল ইসলামের পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৯২ সালের এসএসসি ব্যাচের এই নেতা নাচোল কলেজে অধ্যয়নকালে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে যুক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে নিজেকে তৃণমূলের একজন জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। স্থানীয়রা জানান, রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে দেখেননি; বরং মানুষের সেবাকেই নিজের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। নিজের ব্যক্তিগত আরাম-আয়েশের চেয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। দিনের পর দিন উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন মানুষের খোঁজখবর নিতে। অসুস্থ রোগীর পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সহায়তা করা, সামাজিক বিরোধ মীমাংসা কিংবা বিপদগ্রস্ত মানুষের পাশে উপস্থিত হওয়া এসব কারণেই তিনি ধীরে ধীরে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।নাচোল উপজেলার বহু সাধারণ মানুষের অভিমত, “সফিকুল ইসলাম একজন মাঠের নেতা। তিনি শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যান না, বরং সব সময় মানুষের পাশে থাকেন। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, দীর্ঘদিনের মাঠভিত্তিক রাজনীতি, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার কারণে সফিকুল ইসলাম বর্তমানে নাচোলের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে তরুণ সমাজের মধ্যেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণদের অনেকেই মনে করছেন, উন্নয়নমুখী চিন্তাভাবনা, মানবিক আচরণ এবং সাংগঠনিক দক্ষতা থাকায় সফিকুল ইসলাম আগামী দিনে নাচোল উপজেলাকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার পরিকল্পনা ও চিন্তাধারা ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।উপজেলার প্রবীণ ব্যক্তিদের ভাষ্যমতে, “নেতৃত্ব এমন একজনের হাতে থাকা উচিত, যিনি জনগণের ভাষা বোঝেন এবং মানুষের দুঃখ-কষ্ট নিজের মনে ধারণ করেন। সফিকুল ইসলাম সেই ধরনেরই একজন নেতা।” এ বিষয়ে মুঠোফোনে সফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছি। খেটে খাওয়া মেহনতি মানুষ ও হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণ যদি আমাকে ভালোবাসে এবং তাদের সেবক হিসেবে দেখতে চায়, তাহলে আমি সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, “নাচোল উপজেলার উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।” আগামী উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে যখন নাচোলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে, তখন সাধারণ মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে উঠে আসা চেযারম্যান সফিকুল ইসলামকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। এখন সময়ই বলে দেবে, তৃণমূলের এই জনপ্রিয়তা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport