রবিবার ১০ মে, ২০২৬

দৌলতপুর সীমান্তে সতর্কবার্তা, মাইকিং করে জনসচেতনতা বাড়াচ্ছে বিজিবি

10 May, 2026 8:57:24
দৌলতপুর সীমান্তে সতর্কবার্তা, মাইকিং করে জনসচেতনতা বাড়াচ্ছে বিজিবি

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্তবাসীকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তসংলগ্ন বিভিন্ন গ্রামে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টার পর আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজ এলাকার মধ্যে এবং শূন্য লাইনের কাছে প্রবেশ না করতে। একই সঙ্গে কৃষিকাজ, গবাদিপশু চরানো বা অন্য কোনো প্রয়োজনে সীমান্তের নিকটবর্তী এলাকায় গেলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্বাভাবিক তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া, সীমান্ত দিয়ে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে অবহিত করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় অবস্থান থেকেও বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করে নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport