দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা, মোরেলগঞ্জে সচেতনতামূলক মহড়া | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা, মোরেলগঞ্জে সচেতনতামূলক মহড়া

13 October 2026, 4:40:09

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা, মোরেলগঞ্জে সচেতনতামূলক মহড়া

মোঃনাজমুল মোরেলগঞ্জ , বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস এবং সিসিডিবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দিবসের বিশেষ আকর্ষণ ছিল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় নিয়ে বাস্তবধর্মী মহড়া। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. গোলাম ফারুকের নেতৃত্বে পরিচালিত এ মহড়ায় দুর্যোগের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার কৌশল তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা, পূর্বপ্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি পরিবারের সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু হলে ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায়ে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে কেয়ার (CARE), সিসিডিবি (CCDB), উত্তরণ, সুশীলন, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), হেলভেটাস বাংলাদেশ (HELVETAS Bangladesh) ও জেজেএস (JJS)।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard