শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বাগেরহাটে স্মৃতি সাঁতার প্রতিযোগিতা

28 November, 2026 8:57:53
তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বাগেরহাটে স্মৃতি সাঁতার প্রতিযোগিতা

বাগেরহাট জেলা প্রতিনিধি:

সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, তরুণদের শারীরিক চর্চা ও খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজ সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শহরের মিঠাপুকুরে প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নেতা আ স ম মুস্তাফিজুর রহমানের স্মরণে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আ স ম মুস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদ’ প্রতিযোগিতাটির আয়োজন করে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে অনূর্ধ্ব-১৪ ও উন্মুক্ত—এই দুই বিভাগে ১০০ মিটার সাঁতার অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন আশাবাদ ব্যক্ত করেন যে, মুস্তাফিজুর রহমানের স্মৃতি ধরে রাখতে আগামী বছরগুলোতেও এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লা এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম। সবশেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

উল্লেখ্য, ১৯৩৪ সালে বাগেরহাট জেলার রণবিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করা আ স ম মুস্তাফিজুর রহমান ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপির নেতা। তিনি বিএনপির মহাসচিব ছিলেন এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের ৩০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard