টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে চৌদ্দগ্রামে ৮ কিশোর পেল বাইসাইকেল
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে চৌদ্দগ্রামে ৮ কিশোর পেল বাইসাইকেল

স্টাফ রিপোর্টার – ৬ অক্টোবর সোমবার ২০২৫।
ধর্মীয় চেতনা জাগ্রত ও শিশু-কিশোরদের মসজিদমুখী করতে অনন্য উদ্যোগ নিয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মুসল্লিরা। গ্রামের আটটি মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ৮ জন শিশু-কিশোর অর্জন করেছে বাইসাইকেল পুরস্কার।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ২০০ জন শিশু-কিশোর এই বিশেষ ধর্মীয় প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে যারা টানা ৪০ দিন ২০০ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করতে সক্ষম হয়, তাদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় বাইসাইকেল পুরস্কার। এছাড়া, যারা মাত্র ১-২ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেনি, তাদের উৎসাহ দিতে ব্যাগ ও খাতা-কলম প্রদান করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে কুলাসার মাদ্রাসা মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কাজী মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন আলাউদ্দিন নিশাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ মিলন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জন ডা. গোলাম কিবরিয়া টিপু, সাবেক প্রফেসর মোস্তফা কামাল, আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাওলানা কুতুব উদ্দিন, শিবির পশ্চিম শাখার সভাপতি আবুল জাফর রাফি ও পূর্ব শাখার সভাপতি মো. বায়েজিদ।
অনুষ্ঠানে মানবাধিকার ফাউন্ডেশন ও আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এ.এফ.এম. রাসেল পাটোয়ারী বলেন,
“সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা অপরিহার্য। তারা যদি ছোটবেলা থেকেই নিয়মিত নামাজ ও নৈতিক আচরণের অনুশীলন করে, তবে ভবিষ্যতে সমাজে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
তিনি আরও বলেন,
“আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি, যেখানে মাদকের সংস্পর্শে আসা খুব সহজ। তাই অভিভাবকদের সবসময় সন্তানের চলাফেরা, বন্ধুত্ব ও সামাজিক পরিবেশে নজর রাখা উচিত।”
তিনি প্রবাসী দানবীর নাসির উদ্দিন সোহেল বাবুর সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,
“সমাজের বিত্তবানরা যদি প্রত্যেকে মানবতার কল্যাণে এগিয়ে আসে, তবে আমাদের সমাজে দুঃখী-অসহায় কেউ থাকবে না।”
আয়োজক কমিটির আহ্বায়ক মজিবুল ইসলাম জানান, ১০ থেকে ২০ বছর বয়সী তরুণদের মসজিদমুখী করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২০০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৮ জন ধারাবাহিকভাবে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে চূড়ান্তভাবে বিজয়ী হয়।
তিনি আরও বলেন,
“ভবিষ্যতে এমন ধর্মীয় প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে শিশুরা ধর্মীয় অনুশাসনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন করতে পারে।”
বিজয়ী শিশু ফাহাদ খান ও সাজেদুল ইসলাম জানায়,
“শুরুতে পুরস্কারের আশায় নামাজে গিয়েছিলাম, কিন্তু এখন মনে হয়— মসজিদ ছাড়া নামাজ অসম্পূর্ণ। নামাজ আমাদের জীবনের অংশ হয়ে গেছে।”
কুলাসার পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন বলেন,
“এই প্রতিযোগিতা শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও মসজিদমুখী করেছে। এমন উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে প্রকৃত নামাজি ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে উঠবে।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: