জাদুকাটা নদীতে ড্রেজার বন্ধে অভিযানকালে ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক ১
জাদুকাটা নদীতে ড্রেজার বন্ধে অভিযানকালে ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক ১
সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদীর পাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ মে) গভীর রাতে জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম লিমন মিয়া ৪০ পিতা আব্দুল লতিফ সরকার।
জানা যায়, তাহিরপুরের পর্যটনকেন্দ্র জাদুকাটা নদী প্রতিবছর সরকার ইজারা দিয়ে থাকে। নদীটি থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও সম্প্রতি সেখানে অবাধে নদীর পাড় কাটার অভিযোগ ওঠে। এতে নদীতীরবর্তী মানুষের বসতভিটা হুমকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনায় নদীর পাড় কাটা বন্ধে সার্বক্ষণিক টাস্কফোর্স গঠন করা হয়। শুক্রবার রাতে পাড় কাটার খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে যান।
অভিযান চলাকালে ড্রেজার সংশ্লিষ্ট লোকজন ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

