চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ১০ পিস ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে স্বামী
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ১০ পিস ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে স্বামী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ টাস্কফোর্স অভিযানে ১০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কবিতা খাতুন (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় তাঁর স্বামী বিপ্লব হোসেন (৩৭) কৌশলে পালিয়ে যান।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সদর মডেল থানাধীন জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় ডিএনসির টাস্কফোর্স টিম। এ সময় কবিতা খাতুনকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়। ঘটনার সময় তাঁর স্বামী চিহ্নিত মাদক কারবারি বিপ্লব হোসেন সুযোগ বুঝে পালিয়ে যান।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) একই জিয়ানগর হাড্ডিপট্টি এলাকা থেকেই ৫০ পিস ইয়াবাসহ অপর এক দম্পতিকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পর পর দুই দিন একই এলাকায় ডিএনসির এমন সফল অভিযানে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদারের বিষয়টি প্রশংসিত হচ্ছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, “মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ডিএনসির এই বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



