ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও আর্থিক অনুদান বিতরণ | বিডি-প্রেস 24 ডট কম

ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও আর্থিক অনুদান বিতরণ

11 April 2026, 9:42:34

ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও আর্থিক অনুদান বিতরণ

সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল, খাদ্য, গৃহনির্মাণ উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আওতাধীন অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল, ছাগলের খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে, মোট ৪৪ জন উপকারভোগীর মধ্যে ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার এবং ২২ জন শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৮৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: