খালার লাঠির আঘাতে নিভে গেল নবজাতকের প্রাণ
খালার লাঠির আঘাতে নিভে গেল নবজাতকের প্রাণ
মো: আজাদ খান, চিতলমারী, (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে পারিবারিক কলহের জেরে নির্মম সহিংসতায় প্রাণ হারিয়েছে মাত্র এক মাস বয়সী শিশু মোঃ হোসেন শেখ। একটি তুচ্ছ বিরোধ কীভাবে একটি নিষ্পাপ জীবনের অবসান ঘটাতে পারে—এই ঘটনাই তার করুণ উদাহরণ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার সাবোখালী গুচ্ছগ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটি মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামের বাসিন্দা শেখ সাইফুল ইসলাম মধুর সন্তান।
পরদিন শনিবার (১৮ এপ্রিল) শিশুটির মা ইয়াছমিন আক্তার ময়না বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১০)। মামলায় তার আপন বোন মোছাঃ ফাতেমা আক্তার (৪০) ও ভাই মোঃ ইয়াছিন শেখকে (২৫) আসামি করা হয়েছে। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পারিবারিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরই জেরে বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ফাতেমা আক্তার ও ইয়াছিন শেখ লাঠি হাতে ঘরে প্রবেশ করে সাইফুল ইসলামকে লক্ষ্য করে হামলা চালায়। সেই সময় বাবার পাশে শুয়ে থাকা ছোট্ট হোসেনও আঘাতের শিকার হয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক মাসের এই শিশুর এমন মৃত্যু এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলা (নং–১০) অনুযায়ী একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

