কারাগারে বন্দী যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী ছেলের মৃত্যু; শেষবারের মতো মুখ দেখলেন কারাফটকে
কারাগারে বন্দী যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী ছেলের মৃত্যু; শেষবারের মতো মুখ দেখলেন কারাফটকে
নিজস্ব প্রতিবেদক:
কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য শনিবার দুপুরে তার মরদেহ নেওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে। সেখানে নিরাপত্তাব্যবস্থার মধ্যে শেষবারের মতো ছেলের মুখ দেখার সুযোগ পান শারমিন সুলতানা।
পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবার (গতকাল) রাত ১১টার দিকে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু শনিবার দুপুরে জানান, কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দুপুর ১২টার দিকে কারাফটকে তাঁর স্ত্রী শেষবারের মতো সন্তানের মুখ দেখেছেন। এরপর তাঁরা মরদেহ নিয়ে কাশিমপুর এলাকা থেকে ফিরে যাচ্ছেন।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাঁর স্ত্রীকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় তাঁকে বাইরে নেওয়ার মতো নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তবে কারাফটকে মৃত সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করার কথা জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, নিরাপত্তাঝুঁকির কারণে শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়েও জটিলতা রয়েছে। কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, ডিসেম্বর পর্যন্ত কারাবন্দীদের প্যারোলে মুক্তির ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম শনিবার বেলা ১১টার পর জানান, শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেনের সন্তান মারা যাওয়ার খবর পাওয়ার পর মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল।
তিনি বলেন, বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে কারাফটকে প্রায় দুই মিনিটের জন্য সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় এ সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে সন্তানের অসুস্থতার কথা তুলে ধরে মুক্তির আকুতি জানাতে দেখা যায়। সেখানে তিনি বলেন, তাঁর সন্তান প্রতিবন্ধী এবং সারা রাত তাকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া শিশুটির দেখাশোনা করার মতো কেউ নেই বলেও তিনি উল্লেখ করেন। তাঁকে আরও বলতে শোনা যায়, বাসা থেকে তাঁকে তুলে আনা হয়েছে এবং তিনি অপরাধী হলে বাসায় থাকতেন না।
অন্যদিকে মৃত্যুর আগে নিস্বর্গ হোসেন তূর্যের দেওয়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে সে তার মাকে নিরপরাধ দাবি করে মুক্তির আবেদন জানায়। বক্তব্যে সে সংবিধানের প্রসঙ্গ তুলে মায়ের মুক্তি চেয়েছিল।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে শারমিন সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সূত্রে পুলিশ জানতে পারে, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
একদিকে কারাবন্দী মায়ের সঙ্গে বিচ্ছিন্নতা, অন্যদিকে প্রতিবন্ধী সন্তানের মৃত্যু—এ ঘটনায় পরিবারটির ওপর নেমে এসেছে গভীর শোক। শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ পেলেও ছেলেকে হারানোর বেদনা নিয়ে কারাগারে ফিরতে হয়েছে শারমিন সুলতানাকে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



