মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬

কয়রায় নাশকতার মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান

13 October, 2026 8:57:56
কয়রায় নাশকতার মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

নাশকতার মামলায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি না করার এবং আসন্ন দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে অক্টোবর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

নাশকতার মামলায় সাধারণ মানুষকে গ্রেপ্তার না করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা বিএনপির সদস্য এম এ হাছান। তিনি বলেন, “নাশকতার মামলায় আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করেন। সাধারণ মানুষকে কেন নাশকতার মামলায় চালান দেওয়া হচ্ছে? এ পর্যন্ত নাশকতার মামলায় পুলিশ যাঁদের গ্রেপ্তার করেছে, তাঁদের অধিকাংশই চুনোপুঁটি। চুনোপুঁটিদের না ধরে রাঘববোয়ালদের ধরতে হবে।”

মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির কমিটি না থাকার বিষয়টি উল্লেখ করে এম এ হাছান বলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে কে বা কারা গত মাসে থানায় একটি নাশকতার মামলা করেছেন, তা যাচাই করা প্রয়োজন ছিল। বর্তমানে মহেশ্বরীপুর ইউনিয়নে বিএনপির কোনো কমিটি নেই বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলাটি রেকর্ড করেছেন। তবে মামলা রেকর্ড করার আগে মহেশ্বরীপুর ইউনিয়নে বিএনপির কোনো কমিটি রয়েছে কি না, তা যাচাই করা উচিত ছিল।

সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আর কয়েকদিন পর হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এ সময় নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard