সোমবার ৪ মে, ২০২৬

কয়রায় আংটিহারা বেড়িবাঁধের কাজ থমকে, আতঙ্কে উপকূলবাসী

3 May, 2026 10:33:17
কয়রায় আংটিহারা বেড়িবাঁধের কাজ থমকে, আতঙ্কে উপকূলবাসী

ফরহাদ হোসাইন,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার আংটিহারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ দীর্ঘ তিন বছরেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শাকবাড়িয়া নদী তীরবর্তী মানুষ ঝড়-জলোচ্ছ্বাসের আতঙ্কে দিন কাটাচ্ছেন। অসমাপ্ত বাঁধের কারণে যাতায়াতেও সৃষ্টি হয়েছে ভোগান্তি।
জানা গেছে, ২০২৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কয়রার ১৩-১৪/১ আংটিহারা পোল্ডারের মূল বেড়িবাঁধ নির্মাণে ১ হাজার ১৭২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ২০২৪ সালে কাজ শুরু হলেও এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি মাত্র ৭০ শতাংশ।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বেঙ্গল কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের তদারকিতে রয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাশেদুজ্জামান জানান, মাটির কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। তবে বকেয়া বিল না পাওয়ায় অবশিষ্ট কাজ বন্ধ রয়েছে। অর্থ ছাড় পেলে দ্রুত কাজ শেষ করা হবে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মেম্বার কোহিনুর আলম বলেন, বেড়িবাঁধের কাজ শেষ না হওয়ায় আমরা সবসময় আতঙ্কে থাকি। জলোচ্ছ্বাস হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্রুত কাজ শেষ করা দরকার।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, প্রকল্পের অর্থ ছাড়ের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport